পাথরঘাটায় ৫১০ পিস ইয়াবাসহ জেলা ছাত্রদল নেতা গ্রেফতার

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫১০ পিস ইয়াবাসহ মো. আরাফাত রহমান অভি নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানা পুলিশ আরাফাত রহমান অভির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে তার ঘরে থাকা ৫১০ পিস অবৈধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ।
গ্রেফতার হওয়া আরাফাত রহমান অভি বরগুনা জেলা ছাত্রদলের বর্তমান সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবাসহ আরাফাত রহমান অভিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”
রাজনৈতিক পরিচয় থাকলেও মাদকের মতো সামাজিক অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


