সাত দিনের সফরে জাপান গেলেন ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের রাষ্ট্রীয় সফরে জাপান গেছেন।
আজ শনিবার (২ মে) ভোরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
জামায়াত সংশ্লিষ্ট সূত্র এবং দলের প্রচার ও মিডিয়া বিভাগ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
বিরোধীদলীয় নেতার এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, এটি একটি পূর্বনির্ধারিত সফর। সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাত দিনের এই সফর শেষে আগামী ৯ মে ডা. শফিকুর রহমানের সপরিবারে ঢাকায় ফেরার কথা রয়েছে। বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিদেশ সফর, যা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।

















