নারী হোটেলকর্মীকে হেনস্তা করায় পাকিস্তানি ক্রিকেটারের জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে ব্যর্থতার পর এবার মাঠের বাইরের চরম অপেশাদার আচরণে লজ্জিত পাকিস্তান ক্রিকেট। বিশ্বকাপ চলাকালীন ক্যান্ডিতে হোটেলের এক নারী হাউজকিপিং স্টাফের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে ওই ক্রিকেটারকে আর্থিক জরিমানা করেছেন দলের ম্যানেজার নাভেদ চিমা।
সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে অবস্থান করছিল পাকিস্তান দল। সংবাদমাধ্যম ‘টেলিকম এশিয়া স্পোর্টস’-এর দাবি অনুযায়ী, ম্যাচের আগের রাতে দলের এক সদস্য হোটেলের নারী হাউজকিপিং স্টাফের সঙ্গে অশোভন আচরণ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ওই নারী চিৎকার করে সাহায্য চান। তার চিৎকার শুনে হোটেলের অন্যান্য কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
ঘটনার গুরুত্ব বুঝে হোটেলের শীর্ষ ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নিতে চেয়েছিল। তবে পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান দলের ম্যানেজার নাভেদ চিমা হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান এবং অভিযুক্ত ক্রিকেটারকে আর্থিক জরিমানা করেন।
প্রাথমিক জরিমানা করা হলেও বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। সূত্র মারফত জানা গেছে, অভিযুক্ত ক্রিকেটারকে দেশে ফিরে পিসিবি’র শৃঙ্খলারক্ষা কমিটির মুখোমুখি হতে হবে। বোর্ড এই ঘটনাকে ‘জিরো টলারেন্স’ নীতিতে দেখছে, ফলে বড় ধরনের নিষেধাজ্ঞার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এমনিতেই ব্যাপক সমালোচনার মুখে আছেন বাবর আজমরা। এর মাঝে এই ন্যাক্কারজনক ঘটনা পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিকে আরও কালিমালিপ্ত করল।

















