মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ১৪৭টি ফ্লাইট বাতিল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনগামী ফ্লাইট চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) একদিনেই ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী শ্রমিক ও ট্রানজিট যাত্রী।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আজ বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট। এছাড়া কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার ও ফ্লাইদুবাইয়ের ৪টি করে এবং কুয়েত ও জাজিরা এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশীয় এয়ারলাইন্স ইউএস-বাংলাও তাদের ৪টি ফ্লাইট পরিচালনা করতে পারেনি। সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় উড্ডয়ন সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। আজসহ গত চার দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টিতে। আকস্মিক এই ফ্লাইট বাতিলে টিকিটের টাকা ফেরত বা পুনরায় বুকিং দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী যাত্রীরা।
বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এই অস্থিরতা বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এয়ারলাইন্সগুলো বিকল্প উপায়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সমন্বয় করার চেষ্টা করছে।

















