জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অসাংবিধানিক নয়! হাইকোর্টের রুল

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম পৃথক দুটি রিট দায়ের করেন। ওই রিটগুলোর ওপর প্রাথমিক শুনানি শেষে আদালত আজ এই আদেশ দেন।
রিট আবেদনে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল করার পাশাপাশি সংস্কার পরিষদের সদস্যদের শপথ অবৈধ ঘোষণার নির্দেশনা চাওয়া হয়।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে আরও একটি রিট দায়ের করেন। সেই রিটে জুলাই জাতীয় সনদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়। রিটকারী আইনজীবীদের দাবি, বিদ্যমান সাংবিধানিক কাঠামোর বাইরে এ ধরনের সনদ বা অধ্যাদেশ আইনি জটিলতা তৈরি করতে পারে।
এই মামলায় মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সরকারের সংস্কার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ এই অংশগুলো নিয়ে উচ্চ আদালতের এমন রুল জারির ফলে আইনি মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

















