ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত

লেবাননজুড়ে ইসরাইলি বিমান বাহিনীর ব্যাপক হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ১৪৯ জন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, সোমবার লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন প্রান্তে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে একযোগে এই হামলা চালানো হয়। বিশেষ করে বৈরুতের দক্ষিণ শহরতলি (দাহিয়েহ), যা হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে মুহুর্মুহু বোমাবর্ষণের ফলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরাইলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার জবাবে তারা ‘লেবাননজুড়ে’ গোষ্ঠীটির ঘাঁটিতে এই আঘাত হানছে। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়: “হিজবুল্লাহকে ইসরাইল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করার সুযোগ দেওয়া হবে না। এই হামলার কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে।”
মূলত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে সম্প্রতি ইসরাইলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে।
বর্তমানে বৈরুতের আকাশসীমায় ইসরাইলি যুদ্ধবিমানের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

















