নির্বাচনী অনিয়মের তদন্ত ও ফল পুনর্গণনা চায় জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জনকল্যাণমূলক কাজে তারা সরকারকে সহযোগিতা করবেন। তবে অন্যায় ও জুলুমের প্রশ্নে তীব্র বিরোধিতা অব্যাহত থাকবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে যেতে বড় বাধা না থাকলেও ফলাফল তৈরি ও ঘোষণার সময় ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। এ কারণে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন এবং নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যেসব আসনে অনিয়ম হয়েছে, সেখানে ভোটের পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
গোলাম পরওয়ার স্পষ্ট করেন যে, জামায়াত কোনো হঠকারী পদ্ধতি বা চরমপন্থায় বিশ্বাসী নয়। তারা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথ অনুসরণ করে জনগণের পাশে থাকবে। তবে নেতাকর্মীদের সততা ও বিনয়কে দুর্বলতা হিসেবে না দেখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ড. মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে নারী নেত্রীসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের রুকনরা উপস্থিত ছিলেন।

















