গ্লুস্টার সিটিতে যোগ দিলেন বাংলাদেশি মিডফিল্ডার মিচেল

জন্মভূমি ইংল্যান্ডে ফিরে ক্লাব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেল। ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে এমন খবর জানিয়েছেন এই মিডফিল্ডার।
সান্ডারল্যান্ডের যুব দলে খেলতেন কিউবা। গত বছরের জুলাই মাসে তিন বছরের চুক্তিতে যুক্ত হয়েছিলেন বসুন্ধরা কিংসে। যদিও বাংলাদেশের ফুটবল লিগে মোটেও ভালো সময় কাটেনি তার। বেশিরভাগ সময় বেঞ্চে বসে থেকেছেন, পারিশ্রমিকও পাননি ঠিকমতো। এই অভিযোগ তুলে গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেন মিচেল।
গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘বাংলাদেশ থেকে ফেরার পর আমার এজেন্টের মাধ্যমে এই সুযোগটি আসে। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমি এখন মাঠে নিজের সামর্থ্য দেখাতে এবং নিয়মিত খেলে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই।’
সপ্তম স্তরের সাউদার্ন লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলা গ্লুস্টার ২২ দলের মধ্যে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। কিউবার সঙ্গে তাদের চুক্তি এই মৌসুমের শেষ পর্যন্ত। নতুন দলের হয়ে খেলার অপেক্ষায় থাকা কিউবা বলেছেন, ‘আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলি। আমি নিজেকে একজন সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখি, যে বল পায়ে রাখতে পছন্দ করে। তবে প্রয়োজনে আমি কঠোর পরিশ্রমী রক্ষণাত্মক ভূমিকাও পালন করতে পারি। আমি মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
বাংলাদেশি মা আর জ্যামাইকান বাবার সন্তান কিউবার বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে তিনি হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলেছিলেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর যে ম্যাচে বাংলাদেশ জয়ী হয়েছিল, সেটিতেও খেলেন মিচেল।

















