পিলখানায় নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৭ বছর আগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তর ঢাকার পিলখানায় ঘটা বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বুধবার সকাল ১০টার পর রাজধানীর বনানী সামরিক কবরস্থানে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর এক মিনিট নীরবতা পালন করেন তারা। এসময় সামরিক বাহিনীর সদস্যরা স্যালুট জানান। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পিলখানায় নিহত সেনাকর্মকর্তাদের পরিবারের সদস্য এবং নিকট আত্মীয়রাও এদিন বনানীর সামরিক কবরস্থানে আসেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওেই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি রাখা হয়, পরিবর্তন করা হয় পোশাকও।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছর বাংলাদেশের ইতিহাসে শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

















