১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৬ সালের ১২ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। আর শরিকরা পায় তিনটি আসন। এবারের সংসদে প্রধান বিরোধীদল হিসেবে থাকবে জামায়াতে ইসলামী।

















