১০ মাসে রেমিট্যান্স এলো ৩০ বিলিয়ন ডলার

দেশের বৈধ চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসের কিছু বেশি সময়ে দেশে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ প্রবাহ।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, মে মাসের প্রথম ছয় দিনেই দেশে এসেছে ৭৫ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ, মে মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ২০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর মধ্যে শুধু ৬ মে এক দিনেই এসেছে ১৩ কোটি ৬০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ জুলাই ২০২৫ থেকে ৬ মে ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ বিলিয়ন ৮ কোটি ৫০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৫ বিলিয়ন ১৬ কোটি ৩০ লাখ ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা, ব্যাংকিং চ্যানেলে নগদ প্রণোদনা এবং হুন্ডির বিরুদ্ধে কড়াকড়ির ফলে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত হচ্ছেন। এছাড়া মধ্যপ্রাচ্য ও ইউরোপের শ্রমবাজারে নতুন কর্মসংস্থানও এই বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়লে বছর শেষে এটি নতুন রেকর্ড গড়তে পারে।

















