সোনারগাঁওয়ে গ্যাস লাইন বিস্ফোরণে ১২ কর্মকর্তা-কর্মচারী দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির অন্তত ১২ জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরের খাবারের সময় ক্যান্টিনে বুফে খাচ্ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় হঠাৎ গ্যাস লাইনের লিকেজ থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে ক্যান্টিনে উপস্থিত অন্তত ১২ জন দগ্ধ হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধরা হলেন—নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাঁদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা দগ্ধ হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ১২ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে কার কত শতাংশ দগ্ধ হয়েছে।
হঠাৎ এই বিস্ফোরণের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের গ্যাস লাইন লিকেজ জমে থাকা গ্যাসের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে।

















