সরকারি হাসপাতালে বসানো হচ্ছে ঘণ্টা

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারে রাজধানীর বড় সরকারি হাসপাতালগুলোতে সেন্ট্রাল ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা করেছে সরকার। জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে মূলত এই ‘কোড ব্লু’ বা ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে।
আজ মঙ্গলবার তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অনুদান হিসেবে পাওয়া ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হাসপাতালে অনেক সময় অনাকাঙ্ক্ষিত জরুরি পরিস্থিতি তৈরি হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ‘কোড ব্লু’ বা সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছি।”
এর পাশাপাশি রাজধানীর মহাখালী এলাকায় স্বাস্থ্যসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করতে সেখানে একটি আলাদা পুলিশ ক্যাম্প স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য একটি করে বিশেষ শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এই নতুন আইসিইউ ইউনিটগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা করছে সরকার।
চিকিৎসক ও চিকিৎসা সেবার মান উন্নয়নের পাশাপাশি হাসপাতালগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পর্যায়ক্রমে আরও কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

















