সবজি মুখে দিয়েই ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎই খুলনা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের খাবারের নিম্নমান দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের জন্য তৈরি করা সবজি মুখে দিয়ে তা ফেলে দেন মন্ত্রী।
আজ বুধবার (২০ মে) সকালে তিনি কোনো পূর্বঘোষণা ছাড়াই তাৎক্ষণিকভাবে খুলনা সদর হাসপাতালে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলার সময় রাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন নিয়ে চরম হয়রানির অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। রোগীরা জানান, সরকারিভাবে ভ্যাকসিন না দিয়ে বাইরে থেকে টাকা দিয়ে তা কিনতে বাধ্য করা হচ্ছে। এই অভিযোগের সত্যতা হাতেনাতে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে তীব্র ধমক দেন মন্ত্রী।
ভ্যাকসিন সংকটের বিষয়ে জানতে চাইলে তত্ত্বাবধায়ক দাবি করেন, সরকারি সরবরাহ না থাকার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে খুলনা থেকেই ঢাকায় প্রধান কার্যালয়ে ফোন করে জানতে পারেন, ভ্যাকসিন আনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা তত্ত্বাবধায়ক কোনো ধরনের যোগাযোগই করেননি। তত্ত্বাবধায়কের এমন মিথ্যাচারে চরম ক্ষুব্ধ হয়ে মন্ত্রী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
এরপর হাসপাতালের খাবার ঘর (রান্নাঘর) পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে রোগীদের জন্য রান্না করা সবজির মান পরীক্ষা করতে তিনি নিজেই তা মুখে দেন এবং অত্যন্ত নিম্নমানের হওয়ায় তাৎক্ষণিক মুখে দেওয়া সবজি ফেলে দেন। ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী দায়িত্বরতদের উদ্দেশ্যে বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি আপনারা খেতেন?” এ সময় তিনি সুপারিন্টেনডেন্টকে অবিলম্বে রোগীদের জন্য ভালো মানের তরকারি ও খাদ্যসামগ্রী সরবরাহের কঠোর নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক হাসপাতাল পরিদর্শনের সময় খুলনা সিটি করপোরেশনের (খুসিক) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








