শিশু রামিসা হত্যার বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

রাজধানীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর বর্বরোচিতভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রীসংস্থা।
আজ বুধবার (২০ মে) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মশাল মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা শিশুধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।
এদিকে একই দাবিতে আজ সন্ধ্যা ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জবি শাখা ইসলামী ছাত্রীসংস্থা।
মানববন্ধনে বক্তারা দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা ও মরদেহ দ্বিখণ্ডিত করার এই বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সুযোগেই দেশে প্রতিনিয়ত এমন জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। এ সময় প্রশাসন ও আইন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা রামিসা ও হাদি হত্যার আসামিদের দ্রুততম সময়ে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীসংস্থার বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছর বয়সী শিশুকন্যা রামিসা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর মাথা কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা ইতোমধ্যে আদালতে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

















