শিক্ষা সফরে গিয়ে খাবার খেয়ে অসুস্থ নার্সিং কলেজের ১৭ শিক্ষার্থী

পাবনায় একাডেমিক শিক্ষা সফরে গিয়ে দুপুরের খাবার খাওয়ার পর হঠাৎ ‘ফুড পয়জনিং’ বা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের ১৭ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যায় তাঁদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কে বিশ্বাস শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থ শিক্ষার্থীরা জানান, একাডেমিক শিক্ষার অংশ হিসেবে তাঁরা পাবনা মানসিক হাসপাতাল সফরে গিয়েছিলেন। সেখানে দুপুরের খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন শিক্ষার্থীর হঠাৎ তীব্র পেটব্যথা, বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা শুরু হয়। এরপর একে একে মোট ১৭ জন শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে সহপাঠী ও শিক্ষকরা তাঁদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তাঁরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রামেক হাসপাতালের চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন, “সন্ধ্যায় ১৭ জন নার্সিং শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে আমাদের ধারণা, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা, তীব্র গরম এবং ফুড পয়জনিংয়ের (খাদ্য বিষক্রিয়া) কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন। তাদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে সবার অবস্থা স্থিতিশীল রয়েছে।”
এ বিষয়ে রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, “শিক্ষা সফরে গিয়ে দুপুরের খাবার খাওয়ার পর আমাদের কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সেখানে কলেজের শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা সার্বক্ষণিক তদারকি করছেন। আশা করছি, চিকিৎসা শেষে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।”










