বছরে ৮ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে মেটা

বাংলাদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্রতি বছর প্রায় ৮ হাজার কোটি টাকা (৭০ কোটি ডলার) নিয়ে যাচ্ছে। অথচ দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির কোনো অবদান নেই। গত শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিকম খাতে নতুন সরকারের ভিশন’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞরা এ তথ্য জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে মুঠোফোন অপারেটর রবির রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স প্রধান সাহেদ আলম বলেন, “দেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭ কোটি ৩০ লাখ। মেটার নিজস্ব হিসাব অনুযায়ী, প্রতি ব্যবহারকারীর কাছ থেকে প্রতিষ্ঠানটি বছরে ১৫ ডলার আয় করে। সেই হিসাবে বাংলাদেশ থেকে তাদের বার্ষিক আয় ৭০ কোটি ডলার বা প্রায় ৮ হাজার কোটি টাকা। অথচ বাংলাদেশের অর্থনীতিতে মেটার দৃশ্যমান কোনো অবদান নেই।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “সরকার ৫জি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) গ্রামীণ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে গুরুত্বের সঙ্গে কাজ করছে। প্রযুক্তির এই আধুনিকায়নের মাধ্যমে আগামী ৫ বছরে এ খাতে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
টিআরএনবির সভাপতি সমীর কুমার দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবির স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই সেমিনারে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন।
সেমিনারে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল কবীর, বাংলাদেশ কম্পিটিশন কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, বুয়েটের অধ্যাপক ড. লুৎফা আক্তার এবং বাংলালিংকের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান প্রমুখ।







