লেবাননে ফের তীব্র সংঘর্ষ: ইসরায়েলি হামলায় নিহত ১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষরের পরদিনই লেবাননে নতুন করে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে।
শুক্রবার লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী তাদের চার সদস্যের নিহতের খবর নিশ্চিত করেছে। এই চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থগিত হওয়ার কথা থাকলেও মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণের অন্তত ১০টি গ্রাম ও শহরে চালানো ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তারা লেবাননের বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
অন্যদিকে, চার সেনার মৃত্যুর ঘটনায় ইসরায়েলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন-গভির উস্কানিমূলক মন্তব্য করে বলেছেন, ‘লেবাননকে জ্বলতে হবে।’
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, তেল আবিব এই সমঝোতা স্মারকের অন্তর্ভুক্ত নয়। তারা দক্ষিণ লেবাননের বাফার জোন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইরানের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেল আবিব স্পষ্ট জানিয়েছে, সীমান্তবর্তী জনপদগুলোকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখতে এই বাফার জোন বজায় রাখা তাদের জন্য অপরিহার্য।







