যেখানেই যাবেন অন্তত পাটওয়ারীকে বাদ রেখে যান, বিএনপির হয়ে সহযোগিতা করব: রাশেদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, আপনারা যেখানেই যাবেন অন্তত নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদের সহযোগিতা করব।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান অভিযোগ করে বলেন, এনসিপি নেতারা ঝিনাইদহে এসে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা একের পর এক গালিগালাজ করেছেন, যা ঝিনাইদহ জেলাবাসী মেনে নেবে না।
বিরোধী দলের রাজনীতিতে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি স্পষ্ট জানান, কটু মন্তব্যকারী নেতাদের নিয়ে বিভিন্ন জেলায় গেলে সেখানকার জনগণ বা ভোটারদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক।
এনসিপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সহনশীল, আন্তরিক এবং বিনয়ী। অপজিশনে যারা আছেন, প্রধানমন্ত্রীর আচরণ ও আন্তরিকতা থেকে তাদের অনেক কিছু শেখার আছে।
এর আগে ঝিনাইদহে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসরকারি বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদের নেতৃত্বে র্যালিটি জেলা শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

















