মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে সন্তানসহ দম্পতির মৃতদেহ উদ্ধার

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে আট মাসের সন্তানসহ এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাসের শিশু সন্তান।
রোববার গভীররাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধারের খবর জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।
ওসি জানান, আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় গত তিন বছর ধরে ভাড়া থাকতেন মিষ্টি বাড়ৈ। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার যতীন বাড়ৈয়ের স্ত্রী।
রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য ওই বাসায় যান। রাতে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। পরে মধ্যরাতে খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে এক শিশুসহ তিনজনের মৃতদেহ উদ্ধার করে, বলেন ওসি।
তিনি আরও বলেন, ঘটনার সময় পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার কাছে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে।
নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।







