ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব সদস্যদের ওপর হামলায় নারীসহ আটক পাঁচ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তথ্য সংগ্রহের সময় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (১১ মে) মধ্যরাত থেকে মঙ্গলবার (১২ মে) সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— খাগাতুয়া গ্রামের আবদুল কাদের (৬২), মো. রাহিম (২০), আবদুর রহমান ওরফে অপু মিয়া (১৮), নূর আলম (১৬) এবং তাঁদের সহযোগী ছানোয়ারা বেগম (৪৮)। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারপাড়ায় র্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুনবী।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেলে র্যাব-৯-এর চার সদস্যের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য বাঞ্ছারামপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নবীনগরের খাগাতুয়া এলাকায় চিহ্নিত ডাকাত শফিক মিয়া ও তাঁর সহযোগীরা সংঘবদ্ধ হয়ে র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে র্যাবের তিন সদস্য গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযানে হামলাকারীদের কাছ থেকে একটি রামদা, একটি দেশীয় অস্ত্র, একটি চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মূল হোতা শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাত ও তাঁর সহযোগী আবদুল হালিম এলাকা থেকে পালিয়ে যান। র্যাব জানায়, এই ডাকাত চক্রটি এর আগেও নবীনগর থানা পুলিশের ওপর দুবার হামলা চালিয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুনবী জানান, শফিক ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে। বর্তমান হামলার ঘটনায় ১০-১১ জনকে আসামি করে মামলার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের নবীনগর থানায় হস্তান্তর করা হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

















