বাংলাদেশকে পোলিও টিকা দিল সিনোভ্যাক, কৃতজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় টিকাদান কর্মসূচিকে (ইপিআই) আরও গতিশীল করতে বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ পোলিও টিকা অনুদান দিয়েছে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশন।
বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই টিকার চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান গ্রহণ করেন। সিনোভ্যাকের তৈরি ৭৬ হাজার ৬১৬ ভায়াল (৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ) পোলিও (এসআইপিভি) টিকার চালানটি এরই মধ্যে ইপিআই সংরক্ষণাগারে পৌঁছে দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফিকেশন অর্জন করা এই টিকাগুলো চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চীনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অর্থনৈতিক বন্ধু হিসেবে চীন যে বাংলাদেশের পাশে রয়েছে, তা আবারও প্রমাণিত হলো। বর্তমানে ডেঙ্গু, পোলিও ও হান্টাভাইরাসের মতো রোগগুলো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পোলিও ও যক্ষ্মাসহ জরুরি টিকার কোনো ঘাটতি নেই। এসব রোগের নিয়মিত টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে।’ তিনি আরও জানান, শিগগিরই সারাদেশে ‘ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন’ শুরু হবে এবং ডেঙ্গু মোকাবিলায় ফিল্ড হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।
সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের চিফ বিজনেস ডাইরেক্টর লী নিং বলেন, ‘বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখতে পেরে সিনোভ্যাক গর্বিত। এই এসআইপিভি ভ্যাকসিন অনুদান দেশের পোলিও নির্মূল কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আমরা পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লী সাওপোং, স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ইপিআই-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিনোভ্যাকের এই সেভিন স্ট্রেইন-এসআইপিভি টিকাটি ২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পায় এবং বর্তমানে এটি বিশ্বজুড়ে পোলিও নির্মূল প্রচেষ্টায় ব্যবহৃত হচ্ছে।







