ড. ইউনূসসহ সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

হামের টিকা কর্মসূচি ইস্যুতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ রিট আবেদনটি দায়ের করেন।
রিটে হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে তৎকালীন নীতিনির্ধারকদের জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। এ কারণে একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়েছে।
এই রিট আবেদনে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
এর আগে, গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। ওই নোটিশের কোনো জবাব না পাওয়ায় আজ তিনি এই আইনি পদক্ষেপ নেন।

















