ড্রোন হামলা রুখতে রাডার প্রযুক্তিতে এআই যুক্ত করছে চীন

আধুনিক যুদ্ধক্ষেত্রে স্বল্পমূল্যের ও ঝাঁকবদ্ধ (swarm) ড্রোন হামলা শনাক্ত করা বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান-যুক্তরাষ্ট্রসহ সাম্প্রতিক বিভিন্ন সংঘাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার রাডার প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহারের উদ্যোগ নিয়েছে চীন। এই নতুন প্রযুক্তি রাডারকে চলমান লক্ষ্যবস্তু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে এবং বিভ্রান্তিকর বা ভুয়া ড্রোন থেকে প্রকৃত হুমকি আলাদা করতে সহায়তা করবে।
বুধবার (১১ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত বার্ষিক রাজনৈতিক অধিবেশন ‘টু সেশনস’-এ এই তথ্য জানান চীনের শীর্ষ বিমান প্রতিরক্ষা রাডার বিশেষজ্ঞ শু জিন। তিনি বর্তমানে চায়না ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশন (সিইটিসি)–এর ৩৮তম গবেষণা ইনস্টিটিউটের প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত। শু জিন জানান, পরীক্ষায় দেখা গেছে এআই অ্যালগরিদম ব্যবহারের ফলে নিচু উচ্চতায় উড়তে থাকা বিপুল সংখ্যক ড্রোন শনাক্ত করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
শু জিনের মতে, বর্তমান সময়ে আত্মঘাতী ড্রোনগুলো যখন সমন্বিতভাবে বা ঝাঁক বেঁধে আক্রমণ করে, তখন প্রচলিত রাডার ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। অনেক ক্ষেত্রে ড্রোনগুলো নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। এই জটিল পরিস্থিতি মোকাবিলায় চীনের তৈরি নতুন এআই রাডার বিভিন্ন দিক থেকে তথ্য সংগ্রহ করে গতিশীল লক্ষ্যবস্তুর গতিবিধি বিশ্লেষণ করতে সক্ষম।
উল্লেখ্য, সিইটিসি চীনের বিমান প্রতিরক্ষা গবেষণায় নেতৃত্ব দিচ্ছে এবং দেশটির প্রথম নিম্ন-উচ্চতার আগাম সতর্কতা রাডার তৈরির কৃতিত্বও তাদের। নতুন এই উদ্ভাবন চীনের আকাশসীমা সুরক্ষায় এবং ড্রোনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


