ডারবান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে ‘এমভি বাংলার জয়যাত্রা’

হরমুজ প্রণালিতে দীর্ঘ ১১৫ দিনের বন্দিদশা কাটিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। মধ্যপ্রাচ্যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের কারণে দীর্ঘ চার মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর জাহাজটি এই মুক্ত বাণিজ্যিক যাত্রা শুরু করেছে।
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ৩ দিন নোঙর করে প্রয়োজনীয় জ্বালানি গ্রহণ এবং জাহাজের নিচের অংশের সমুদ্র-শৈবাল পরিষ্কার শেষে জাহাজটি শুক্রবার সকালে চূড়ান্ত যাত্রা শুরু করেছে। শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে জাহাজটি ওমানের সুর বন্দরের কাছাকাছি আরব সাগরের মোহনায় অবস্থান করছিল।
আবহাওয়া এবং সমুদ্রের পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১২ জুলাই জাহাজটি দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছাবে। জাহাজটিতে বর্তমানে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে বোঝাই করা প্রায় ৩৭,৫০০ মেট্রিক টন সার রয়েছে, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরে খালাস করা হবে।
সোমালিয়ার জলদস্যু প্রবণ উপকূলীয় এলাকা অতিক্রম করার জন্য ফুজাইরা থেকে ২৫২ নটিক্যাল মাইল দূরে যাওয়ার পর জাহাজটিতে চারজন সশস্ত্র নিরাপত্তা প্রহরী যুক্ত হবেন, যারা পুরো যাত্রাপথে নাবিক ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করবেন।







