চাকরি ছাড়লেন পাঁচ শিক্ষা ক্যাডার কর্মকর্তা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ছেড়ে প্রশাসনসহ অন্য ক্যাডারে যোগ দিয়েছেন পাঁচ কর্মকর্তা। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে নতুন ক্যাডারে নিয়োগ পাওয়ায় তারা পূর্বের প্রভাষক পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
সোমবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে নাটোরের গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের গণিতের প্রভাষক মো. আশরাফুল ইসলাম এবং চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজের ইংরেজির প্রভাষক মো. আশরাফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দুজনই ৪৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন। একই প্রজ্ঞাপনে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মো. মহি উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়, যিনি আনসার ক্যাডারে সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
অন্য এক প্রজ্ঞাপনে ফেনী সরকারি কলেজের অর্থনীতির প্রভাষক আবদুল্লাহ আল লিমন এবং সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজের অর্থনীতির প্রভাষক আপেলকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা দুজনই ৪৪তম বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারে কর্মকর্তা হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
বিসিএস শিক্ষা ক্যাডার থেকে কর্মকর্তাদের এমন ক্যাডার পরিবর্তনের বিষয়টি জনপ্রশাসনে নিয়মিত ঘটনা হলেও একসঙ্গে পাঁচজন কর্মকর্তার অব্যাহতির বিষয়টি আলোচনায় এসেছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতেই তাদের সরকারি চাকরি থেকে বিধি মোতাবেক অব্যাহতি প্রদান করা হয়েছে।

















