চট্টগ্রামে গুলিতে আহত পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যু

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামীর রউফাবাদ কলোনিতে সন্ত্রাসীদের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হওয়া পঞ্চম শ্রেণির ছাত্রী রেশমী আক্তার (১১) মারা গেছে। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকরা জানান, গত ৭ মে রাতে গোলাগুলির সময় একটি গুলি রেশমীর বাঁ চোখ ভেদ করে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশে আটকে গিয়েছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।
ঘটনার দিন রাতে মা ২০ টাকা দিয়ে রেশমীকে পান আনতে দোকানে পাঠিয়েছিলেন। পথে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের কবলে পড়ে সে। ওই একই ঘটনায় রাজু নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, রাউজানে একটি হত্যাকাণ্ডের জেরে প্রতিশোধ নিতে আসা সন্ত্রাসীদের ছোড়া গুলিতেই প্রাণ হারাল এই শিশুটি।
রেশমী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

















