চকরিয়ায় মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক মসজিদের ইমামের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ণগ্রাম জামে মসজিদ সংলগ্ন তার থাকার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমামের নাম মাওলানা মোহাম্মদ ইদ্রিস (৩৫)। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে পূর্ণগ্রাম জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ফজরের নামাজের প্রস্তুতির সময় মুসল্লিরা ইমাম সাহেবকে দেখতে না পেয়ে তার থাকার কক্ষে খোঁজ নিতে যান। সেখানে ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখে এলাকায় চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কারণ ইমামের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে কারো প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আজিম ঘটনাটিকে মর্মান্তিক ও রহস্যজনক বলে উল্লেখ করেছেন। দীর্ঘ সময় ধরে অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যুতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

















