ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের শঙ্কা নেই, নেপথ্যে কূটনৈতিক তৎপরতা: পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও, এই মুহূর্তে দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
সোমবার (১১ মে) বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সরকারের উচ্চপদস্থ সূত্রগুলো এই দাবি করেছে।
পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, চলমান অচলাবস্থা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান অত্যন্ত গুরুত্বের সাথে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। এছাড়া আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের বিষয়টিও যুদ্ধ না হওয়ার পেছনে একটি বড় কারণ। সূত্রটির মতে, প্রেসিডেন্ট ট্রাম্প চান না তার এই গুরুত্বপূর্ণ সফরটি কোনো যুদ্ধের ছায়ায় ঢাকা পড়ে যাক।
রোববার ইরান যুদ্ধ বন্ধের একটি পাল্টা প্রস্তাব পাঠালেও ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেন। এতে পুনরায় হামলার শঙ্কা তৈরি হলেও পাকিস্তান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, দুই দেশ প্রকাশ্যে কঠোর ভাষায় কথা বললেও নেপথ্যে আলোচনার একটি গোপন পথ খোলা রয়েছে। কাতার ও মিসরের মতো একাধিক আরব দেশ এই প্রক্রিয়ায় যুক্ত থাকলেও মূল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।
বার্তাসংস্থা আনাদোলুকে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে পাকিস্তান তাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে। আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছানোই তাদের বর্তমান লক্ষ্য।







