ইরানে বন্দী নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি অসুস্থ

ইরানের কারাগারে বন্দী শান্তিতে নোবেলজয়ী বিশিষ্ট মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার তাঁর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারাগারে দুবার জ্ঞান হারানোর পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০২৩ সালে শান্তিতে নোবেল বিজয়ী এই মানবাধিকারকর্মী বর্তমানে হৃদরোগের জটিলতায় ভুগছেন। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান কারাগারে থাকাকালীন তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন।
নার্গিস মোহাম্মদির আইনজীবীরা জানান, গত মার্চের শেষের দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করার সময় আইনজীবীরা দেখেন, ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মী অত্যন্ত ফ্যাকাশে ও শীর্ণ হয়ে গেছেন। এমনকি নিজের পায়ে হাঁটার শক্তি হারিয়ে ফেলায় একজন নার্সের সহায়তা নিতে হচ্ছে তাঁকে।
সর্বশেষ দফায় গত বছরের ১২ ডিসেম্বর মাশহাদ শহরে একটি স্মরণসভা থেকে নার্গিসকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ফেব্রুয়ারিতে ‘অপরাধ করার উদ্দেশ্যে সমবেত হওয়া ও যোগসাজশের’ অভিযোগে তাঁকে আরও ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তাঁর সাজার মেয়াদ সাত বছর ছাড়িয়ে গেছে।
এর আগেও ‘রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা’ ও ‘নিরাপত্তা বিঘ্নিত করার’ অভিযোগে ১৩ বছর ৯ মাসের সাজা ভোগ করছিলেন তিনি। অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষের দিকে তেহরানের এভিন কারাগার থেকে তাঁকে সাময়িক মুক্তি দেওয়া হলেও পুনরায় তাঁকে বন্দি করা হয়।
মানবাধিকার রক্ষায় আপসহীন লড়াইয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত এই নারী বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।

















