আইপিএল এখন ২০.৬ বিলিয়ন ডলার মূল্যের ফ্র্যাঞ্চাইজি লিগ

বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজার মূল্য এবার ২০.৬ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে ১১ শতাংশেরও বেশি আইপিএলের ব্যবসায়িক মূল্য বেড়েছে।
২০০৮ সালে শুরু হওয়া এই লিগ বিশ্বের সেরা ক্রিকেটারদের মিলনমেলাও বটে। সময়ের সঙ্গে সঙ্গে সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, পণ্য বিপণন এবং ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিনিয়োগের সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী একটি বাণিজ্যিক কাঠামো, যা এখন বিশ্বের অন্যতম সফল ক্রীড়া ব্যবসার মডেল।
চলতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানায় পরিবর্তনও আইপিএলের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহকে আরও সামনে এনেছে। মার্চ মাসে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ১.৭৮ বিলিয়ন ডলারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিনতে সম্মত হয়। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ডিল। এরপর মে মাসে মিত্তাল পরিবার ও আদার পুনাওয়ালা ১.৬৫ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কিনতে সম্মত হওয়ার ঘোষণা দেন।
বুধবার প্রকাশিত ‘২০২৬ আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’ প্রতিবেদনে হুলিহান লোকি জানিয়েছে, টানা দ্বিতীয় বছরের মতো দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে আইপিএলের ব্যবসায়িক মূল্য।
প্রতিষ্ঠানটির ফিন্যান্সিয়াল অ্যান্ড ভ্যালুয়েশন অ্যাডভাইজরি বিভাগের পরিচালক হর্ষ তালিকোটি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল্যায়ন নতুন উচ্চতায় পৌঁছেছে। বেসরকারি বিনিয়োগ দ্রুত বাড়ছে এবং আইপিএলের বাণিজ্যিক পরিসরও ক্রমাগত বৈচিত্র্যময় হচ্ছে।’
তিনি মনে করেন, ‘আইপিএল এমন একটি অনন্য মঞ্চ, যেখানে খেলাধুলা, গণমাধ্যম এবং ভোক্তাকেন্দ্রিক ব্যবসার সফল সমন্বয় ঘটেছে। শক্তিশালী রাজস্ব প্রবাহ, নিয়ন্ত্রিত ব্যয় এবং ক্রমবর্ধমান বৈশ্বিক দর্শকসংখ্যা এই লিগের দীর্ঘমেয়াদি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।’
তালিকোটি আরও বলেন, সাম্প্রতিক ফ্র্যাঞ্চাইজি বিক্রির চুক্তিগুলোও প্রমাণ করে, আইপিএলের দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির সক্ষমতার ওপর বিনিয়োগকারীদের আস্থা আগের চেয়ে আরও বেড়েছে।
শুধু পুরো লিগই নয়, আইপিএলের নিজস্ব ব্র্যান্ড মূল্যও বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত এক বছরে আইপিএলের স্বতন্ত্র ব্র্যান্ড মূল্য ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪.৩ বিলিয়ন ডলারে।
বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই এখন আইপিএলের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ হিসাব অনুযায়ী, দলটির ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ৩১২ মিলিয়ন ডলার।

















