৫৭০ জন ইতিকাফকারীকে ছাত্রদল নেতার ঈদ উপহার

পবিত্র রমজান মাসের শেষ দশকে আল্লাহর নৈকট্য লাভের আশায় চট্টগ্রামের হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার বায়তুল করিম জামে মসজিদে ইতিকাফরত ৫৭০ জন মুসল্লীর মাঝে সম্মাননা স্বরূপ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইতিকাফকারীদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
জানা গেছে, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকির ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মুসল্লীকে সম্মাননা হিসেবে একটি করে লুঙ্গি, মিসওয়াক, তাসবীহ ও টুপি প্রদান করা হয়। দুনিয়ার ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতে মগ্ন থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা স্বরূপ এই ঈদ উপহার দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সহ-সম্পাদক মো. রাশেদ, উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক নাঈম মাহবুব এবং উপজেলা ও পৌর ইউনিটের যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। ইতিকাফরত মুসল্লীরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।

















