১৭ এপ্রিল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ওইদিন রাতে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজে।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী হজযাত্রীদের সুযোগ-সুবিধার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং তিনি দু-একদিনের মধ্যে হাজিদের থাকার জন্য নির্ধারিত হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন।
সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়ে জানিয়েছেন যে, আল্লাহর মেহমানদের সেবায় কোনো ধরনের অবহেলা, অন্যায় বা অবিচার বরদাশত করা হবে না। হাজিদের যেন কোনো ভোগান্তি পোহাতে না হয়, সেদিকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে হজ ফ্লাইটে কোনো জটিলতা তৈরির আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী আশ্বস্ত করে বলেন, “হাজিরা আল্লাহর মেহমান, ইনশাআল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করবেন।”
সরকার সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করেছে এবং কোনো বড় ধরনের জটিলতা হবে না বলে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

















