১৫ বছর মেয়াদি ১০০০ কোটি টাকার ট্রেজারি বন্ডের নিলাম সোমবার

বাংলাদেশ ব্যাংকে আগামী সোমবার (৩০ মার্চ) ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
মূলত অবশিষ্ট ১৪.৪১ বছর মেয়াদের জন্য এই বন্ডটি রি-ইস্যু করা হচ্ছে। এই নিলামের মাধ্যমে ১০ দশমিক ২৮ শতাংশ কুপন হারে ইস্যু করা মোট ১ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের বন্ড পুনরায় বাজারে ছাড়া হবে। উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ আগস্ট ইস্যু করা এই বন্ডের মেয়াদ শেষ হবে ২০৪০ সালের ২৭ আগস্ট।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ট্রেজারি বন্ডের এই রি-ইস্যু নিলাম হবে প্রাইসভিত্তিক। নিলামে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিযুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গ্রাহকদের পক্ষেও প্রাইমারি ডিলারের মাধ্যমে বিডে অংশ নেওয়ার সুযোগ পাবে। আগ্রহী বিনিয়োগকারীদের প্রতি ১০০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে কাঙ্ক্ষিত মূল্য এবং বন্ডের পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে।
নিলামের নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের ‘এফএমআই’ সিস্টেমের মাধ্যমে বিড দাখিল করতে হবে। তবে বিশেষ কোনো পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে সিলগালা করা খামেও বিড জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরই মধ্যে সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

















