১৩২ বলে ৪২ ছক্কা, ৩০ চারে ৪০২ রান করলেন স্যাম চিক!

গত শনিবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়েশন ক্রিকেটে বিরল ঘটনা ঘটেছে। করোম্যান্ডেল ভ্যালির হয়ে মরফেটভিল পার্কের বিপক্ষে ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমে বাবা-ছেলে মিলে তুলেছেন ৫৯০ রান। বিরল ঘটনার জন্ম দিয়েছেন বাবা ড্যারেন চিক এবং তার ছেলে স্যাম চিক। ৪০ ওভারের সেই ঐতিহাসিক ম্যাচটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইনিংসের শুরুতে ষাটোর্ধ্ব ড্যারেন চিক কিছুটা আক্রমণাত্মক ঢংয়ে খেললেও কিছুক্ষণ পর সব পাল্টে যায় ছেলে স্যাম চিকের তাণ্ডব শুরুর পর। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর রুদ্রমূর্তি ধারণ করেন চিক জুনিয়র। সেঞ্চুরি থেকে ১৫০ রান পূরণ করতে লাগে মাত্র ১৭ বল। এরপর ৮৭ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। পরের ১০০ রান করেন মাত্র ২২ বলে।
ইনিংস শেষে স্যাম অপরাজিত থাকেন ৪০২ রানে। তিনি মাত্র ১৩২ বল খেলে ছক্কা মেরেছেন ৪২টি, চার ৩০টি। শুধু বাউন্ডারি থেকেই এসেছে ৩৮৪ রান। স্যামের স্ট্রাইক রেট ছিল ৩০০-এর ওপরে। ইনিংসের ৩২তম ওভারে ডার্সি লেনের এক ওভারে টানা ছয় ছক্কাও মারেন।
ছেলের তাণ্ডবের দিনে বাবা ড্যারেনও থেমে থাকেননি। ড্যারেন ১০৮ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৪০ ওভার শেষে করোমন্ডেল ভ্যালির সংগ্রহ দাড়ায় বিনা উইকেটে ৫৯০ রান। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস লিখেছে, ৫৯০ রানের জুটি ৪০ ওভারের ম্যাচে যেকোনো উইকেটে সর্বোচ্চ।
বাবা-ছেলের জুটির ব্যাটিং তাণ্ডবের পর রান তাড়া করতে নেমে মরফেটভিল পার্কের ইনিংস শেষ হয় ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রানে। করোম্যান্ডেল জিতে যায় ৪৪৪ রানের বিশাল ব্যবধানে। ব্যাটিংয়ে কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর বাবা-ছেলে মিলে বোলিংও ওপেন করেন। ড্যারেন ১১ রান দিয়ে ১ উইকেট নিলেও স্যাম উইকেটশূন্য থাকেন।
অপেশাদার ক্রিকেটের এই স্কোরকার্ড প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন পড়ে যায়। হ্যারি হ্যারিস নামের একজন লিখেছেন, ‘স্যামের বোধ হয় কোথাও যাওয়ার তাড়া ছিল।’
ইয়াইন নামের একজন ড্যারেনের প্রসঙ্গ তুলে মজা করে লিখেছেন, ‘১০৮ বলে ১৭৫* করার পরও নিজের ছেলের কাছে তাকে একেবারে পাড়ার ক্রিকেটার মনে হচ্ছে।’ লেড জনসন প্রশ্ন তুলেছেন প্রতিপক্ষের বোলিং নিয়ে, ‘ছেলেটি প্রতি বলে প্রায় ৪ রান করে তুলেছে। এটি কোন স্তরের বোলিং?’
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলও এই আলোচনায় যোগ দিয়েছেন। বাবা-ছেলের ইনিংস নিয়ে করা একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেন, ‘এ কী দেখছি!’
বাবা-ছেলে একসঙ্গে বাইশ গজে ওপেন করতে নেমে যা করলেন তাকে শুধু ‘বিস্ময়’ নয়, আরও বেশি কিছু। পেশাদার ক্রিকেট হোক কিংবা অপেশাদার, দুই প্রজন্মের এমন ঝোড়ো ব্যাটিং ক্রিকেট বিশ্ব আগে দেখেছে কি?

















