স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো রাশিয়া

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বুধবার (২৫ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের অসামান্য উন্নয়নমূলক অর্জনের প্রশংসা করেন এবং দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রদূত খোজিন স্মরণ করেন যে, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সূচনা করেছিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তি সংগ্রামের মূলে ছিল নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি অদম্য ভালোবাসা এবং আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা, যা শেষ পর্যন্ত একটি স্বাধীন জাতির জন্ম দেয়।
বাংলাদেশের সাম্প্রতিক অর্জনগুলো তুলে ধরে রুশ রাষ্ট্রদূত বলেন, একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বিশেষ করে শক্তিশালী শিল্প সক্ষমতা গড়ে তোলা এবং বৈশ্বিক টেক্সটাইল খাতে নেতৃস্থানীয় অবস্থানে পৌঁছানোর বিষয়টি তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রাখাকে তিনি ‘অসামান্য’ বলে অভিহিত করেন।
তিনি বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং এর আন্তর্জাতিক স্বীকৃতির কথাও উল্লেখ করেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের কথা জানিয়ে আলেকজান্ডার খোজিন বলেন, বর্তমানে বাংলাদেশ ‘গ্লোবাল সাউথ’-এর কণ্ঠস্বর হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন তিনি।
ঢাকা-মস্কো ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম ছিল। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দরে মাইন অপসারণসহ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) অবদানের কথা তিনি শ্রদ্ধাভরে উল্লেখ করেন।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের নতুন সরকারের অধীনে যৌথ প্রকল্প ও পারস্পরিক লাভজনক উদ্যোগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

















