স্কুলে ব্যক্তিগত গাড়ির ভিড় কমাতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ব্যক্তিগত গাড়ির জটলা কমিয়ে যানজট নিরসনে বিকল্প পথ খোঁজার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে অতিরিক্ত প্রেস সচিব জানান, স্কুল চলাকালীন ঢাকার রাস্তায় যে অসহনীয় যানজটের সৃষ্টি হয়, তা নিয়ে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আলোচনায় উঠে আসে যে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র ১৫০ জন শিক্ষার্থীর যাতায়াতের জন্য প্রায় ১০০টি ব্যক্তিগত গাড়ি প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। এই বিপুল সংখ্যক গাড়ির কারণে মূল সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি খোদ শিক্ষার্থীদেরও সময়মতো স্কুলে পৌঁছাতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
প্রধানমন্ত্রী এই সমস্যাগুলো গভীরভাবে পর্যালোচনা করে একটি আধুনিক ও কার্যকর যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রস্তাবনা তৈরির পরামর্শ দিয়েছেন। মূলত স্কুল বাস সার্ভিস বা সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে কীভাবে এই সংকট দূর করা যায়, সেদিকেই নজর দিতে বলেছেন তিনি।
একই দিনে শিক্ষামন্ত্রীর পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

















