সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় হামলা মামলায় হাজিরা দিলেন বাবর

সুনামগঞ্জের দিরাইয়ে ২০০৪ সালে আওয়ামী লীগের তৎকালীন উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি মামলার শুনানিতে অংশ নেন। লুৎফুজ্জামান বাবরের পাশাপাশি এই মামলার অন্য দুই প্রধান আসামি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং জাতীয় সংসদের হুইপ জি কে গউছও আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ সময় লুৎফুজ্জামান বাবরসহ অন্য আসামিরা আদালতের সামনে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
আসামিপক্ষের আইনজীবী এটিএম ফয়েজ জানান, আসামিদের বক্তব্য গ্রহণ শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন। বর্তমানে মামলাটি দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভা চলাকালে একটি শক্তিশালী গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্তত ২৯ জন আহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটি এখন রায়ের পূর্ববর্তী চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে।

















