সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের চাকা ফেটে তিনজনের মৃত্যু, আহত ১০

সিরাজগঞ্জে যাত্রীবাহী চলন্ত বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বাসটির চাকা ফেটে যাওয়ার পর ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার বেলা ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ের কামারখন্দ উপজেলার নলকা এলাকায় দুর্ঘটনায় পড়ে বাসটি।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার রাখি বেগম ও নওগাঁর বদলগাছি উপজেলার রাকিবুল ইসলাম।
ওসি আমিরুল বলেন, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বুশরা পরিবহনের যাত্রীবাহী বাসটির হঠাৎ চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাসটি ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, হতাহতদের উদ্ধারের পর সিরাজগঞ্জর শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

















