‘সংস্কার’ ও ‘সংশোধন’ নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে: সংসদে পার্থ

‘সংস্কার’ এবং ‘সংশোধন’—এই দুটি শব্দের মারপ্যাঁচে ফেলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের আনীত মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। পার্থ দাবি করেন, একটি বিশেষ মহল সরকারপক্ষকে জুলাইয়ের চেতনার বিরুদ্ধে প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
বক্তব্যের এক পর্যায়ে পার্থ বলেন, “আমরা গণভোটের আদর্শে বিশ্বাসী এবং সেই জনমতের প্রতি শ্রদ্ধা রেখেই ‘হ্যাঁ’ ভোট দিয়েছি।” বিরোধী দলের কঠোর সমালোচনা করে
তিনি আরও বলেন, বিরোধী দল বর্তমানে জুলাইয়ের আন্দোলনের একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে, যা অনেকটা ‘টেন্ডার’ নেওয়ার মতো। যারা আইন বোঝেন না, তাদের বারবার বুঝিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল প্রমাণের চেষ্টা করছে যেন জুলাইয়ের সব দায়-দায়িত্ব বা অর্জন শুধু তাদেরই।
অধিবেশন চলাকালীন সংসদ গ্যালারিতে উপস্থিত ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে বিরোধী দলীয় সদস্যদের আচরণেরও সমালোচনা করেন পার্থ।
তিনি বলেন, গ্যালারিতে থাকা যোদ্ধাদের সঙ্গে তর্কে লিপ্ত হওয়া শোভনীয় নয়, বরং তাদের সঙ্গে ধৈর্য নিয়ে কথা বলা উচিত।
তবে পার্থের এই বক্তব্যের সময় সংসদ জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিরোধী দলীয় সংসদ সদস্যরা তার বক্তব্যের প্রতিবাদে উচ্চস্বরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন, যার ফলে অধিবেশনে হট্টগোল দেখা দেয়।

















