শ্বশুরবাড়িতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম!

নাটোরে ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন আলী আজগর ভূঁইয়া ওরফে খোকন মাস্টার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতা। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত খোকন মাস্টার ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে খোকন মাস্টার হাজীগঞ্জ এলাকায় তার শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার দিকে স্থানীয় যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব, সাদ্দামসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল তার অবস্থান নিশ্চিত করে ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। অভিযোগ উঠেছে, হামলার সময় বাধা দিতে গেলে বাড়িতে থাকা নারীদেরও লাঞ্ছিত করা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খোকন মাস্টার গত কিছু দিন ধরে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।
তিনি আরও জানান, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

















