শাপলা চত্বরে হত্যা মামলায় পুলিশের সাবেক ডিআইজি গ্রেফতার

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নৃশংস হত্যাযজ্ঞ ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ডিবি পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সাবেক এই পুলিশ কর্মকর্তার বাড়ি পাবনা জেলায়। তিনি তার কর্মজীবনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া পরবর্তীতে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হিসেবেও কর্মরত ছিলেন। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অভিযানের সময় হতাহতের ঘটনায় তাকে আসামী করা হয়েছে। ওই ঘটনার প্রেক্ষিতেই দীর্ঘ সময় পর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করল।

















