শাকিব খানের ‘প্রিন্স’ প্রদর্শন শো বাতিল ও ভাঙচুর!

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের শুরুতেই দেশজুড়ে নজিরবিহীন বিশৃঙ্খলা ও কারিগরি বিপর্যয় দেখা দিয়েছে।
প্রযুক্তিগত জটিলতা, লাইসেন্স সংকট এবং সময়মতো ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) ফাইল সরবরাহ করতে না পারায় দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে শো বাতিল করতে হয়েছে। এতে ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর এবং টিকিট ফেরত দেওয়ার ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হল মালিকরা।
প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন, নতুন সার্ভার সিস্টেমের জটিলতা এবং সময়মতো লাইসেন্স না পৌঁছানোর কারণে অন্তত ৫০টি হলে ঈদের দিনের সকালের শো চালানো সম্ভব হয়নি।
হল সংশ্লিষ্টদের দাবি, সিনেমার ডিজিটাল কপি বৃহস্পতিবার গভীর রাতে সরবরাহ করা হয়েছে, যা প্রদর্শনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত ছিল না। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ইউনূস জানান, কেডিএম লাইসেন্স না পাওয়ায় দুপুরের শো বাতিল করতে হয়েছে এবং দেশের প্রায় ৭০ শতাংশ প্রেক্ষাগৃহ একই সমস্যার সম্মুখীন।
একই চিত্র দেখা গেছে সৈয়দপুরের তামান্না সিনেমা হল এবং মাদারীপুরের সোনালী সিনেমা হলে। সিনেমা থাকলেও সাউন্ড না থাকা বা সার্ভারে লোড না হওয়ার কারণে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়, যার ফলে মালিকদের অগ্রিম বিক্রিত টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে। এমনকি দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সও বিকেল ৩টা পর্যন্ত ডিসিপি ফাইল না পাওয়ায় সিনেমাটি প্রদর্শন করতে পারেনি।
এই পরিস্থিতির জন্য প্রযোজনা ও পরিবেশনা সংস্থার অব্যবস্থাপনাকে দায়ী করছেন হল মালিকরা। তবে এ বিষয়ে পরিবেশক অনন্য মামুন বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

















