র্যাব বিলুপ্তির দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নয় সংগঠনের চিঠি

বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির জোরালো দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।
সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে এই আহ্বান জানানো হয়। একই চিঠির অনুলিপি আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও প্রদান করা হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী অন্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে এবং সিভিকাস।
চিঠিতে মানবাধিকার সংগঠনগুলো উল্লেখ করেছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের সামনে বর্তমানে অসংখ্য চ্যালেঞ্জ থাকলেও, তারা বিষয়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদী সংস্কারের একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে র্যাবের বিরুদ্ধে ওঠা জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগগুলো আমলে নিয়ে সংস্থাটি বিলুপ্ত করা এখন সময়ের দাবি বলে তারা মনে করেন।
আন্তর্জাতিক এই সংগঠনগুলো তাদের পর্যবেক্ষণে জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বর্তমান সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক এবং সাংবাদিক, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা পুরোপুরি বন্ধ হয়নি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবং দেশে জবাবদিহিতা নিশ্চিত করতে র্যাব বিলোপের পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া চিঠিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন এবং আইনগত সংস্কারের লক্ষ্যে চিঠিতে বেশ কিছু নির্দিষ্ট সুপারিশও তুলে ধরেছে সংগঠনগুলো।

















