রাজনীতিতে আর নয়, অভিনয়েই মন দিতে চান দেব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পালাবদলের পর নতুন এক আবহে ধরা দিলেন টালিউড সুপারস্টার দেব। দীর্ঘ এক দশক তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করার পর এবার রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখে পুনরায় অভিনয়েই মনোনিবেশ করার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে বিজয়ী দল বিজেপিকে অভিনন্দন জানিয়ে দেব লেখেন, ‘বাংলায় নতুন সরকার গঠনের জনাদেশ পাওয়ায় বিজেপিকে অভিনন্দন। আমি আশা করি, নতুন সরকার রাজ্যের অগ্রগতি ও শান্তি বজায় রেখে জনগণের কণ্ঠস্বর নিশ্চিত করবে।’ একই সঙ্গে তিনি তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ বাস্তবায়নে নতুন সরকারের সহযোগিতা কামনা করেন।
বাংলা চলচ্চিত্র শিল্প বা টলিউড নিয়ে নিজের স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে এই অভিনেতা বলেন, “আমি নতুন সরকারকে অনুরোধ করব চলচ্চিত্র জগতের মধ্যে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি বন্ধ করে শৈল্পিক স্বাধীনতা নিশ্চিত করতে। ইন্ডাস্ট্রিকে ‘ব্যান’ বা নিষেধাজ্ঞার সংস্কৃতি থেকে মুক্ত করতে হবে।” ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি যোগ করেন, এখন থেকে প্রযোজকদের ওপর কেউ আর নিয়মের বোঝা চাপাতে পারবে না এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে।
নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দেব পরিষ্কার জানান, তিনি আর রাজনীতিতে বেশি জড়াতে চান না। আগের মতো মন দিয়ে শুধু অভিনয়টাই করে যেতে চান। ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য তিনি সবসময় নেপথ্যে থেকে কাজ করবেন বলেও জানান।
তৃণমূলের পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেবকে নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক ভক্তই তাকে পুনরায় পুরোদস্তুর সিনেমায় ফেরার পরামর্শ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটাররা ‘রাজনীতিক দেব’-কে নিয়ে বিভক্ত থাকলেও ‘অভিনেতা দেব’ হিসেবে তার জনপ্রিয়তা এখনো অমলিন।

















