রাঙ্গুনিয়ায় ঘরে ঢুকে বিএনপি নেতা ও তাঁর মাকে গুলি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনিয়ন বিএনপি সভাপতি প্রকৌশলী ওসমান (৪২) ও তাঁর মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) রাত ৮টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
আহত প্রকৌশলী ওসমান সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং ওই এলাকার রশিদ আহমদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে চারজন দুর্বৃত্ত হঠাৎ তাঁদের ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ওসমানের হাত ও পেটে গুলি লাগে। এসময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর বৃদ্ধা মা আছিয়া বেগমকেও লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে তাঁর দুই পা গুলিবিদ্ধ হয়। হামলায় ওসমানের বাবা রশিদ আহমদকেও পিটিয়ে আহত করা হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

















