রবি বর্মার ‘যশোদা ও কৃষ্ণ’ বিক্রি হলো ২১০ কোটি টাকায়

ভারতীয় চিত্রকলার ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন উনবিংশ শতাব্দীর কিংবদন্তি শিল্পী রাজা রবি বর্মা। বুধবার মুম্বাইয়ে ‘সাফরনআর্ট’ আয়োজিত এক নিলামে তার আঁকা বিখ্যাত তৈলচিত্র ‘যশোদা ও কৃষ্ণ’ রেকর্ড ১৭.৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১০ কোটি টাকা।
এই বিক্রয়মূল্যের মাধ্যমে রাজা রবি বর্মা আধুনিক ভারতীয় শিল্পকলার ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি শিল্পীর তকমা পেলেন।
নিলাম শুরুর আগে ছবিটির আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছিল ৮.৬ থেকে ১২.৯ মিলিয়ন ডলার। তবে নিলাম শুরু হতেই বিশ্বজুড়ে সংগ্রাহকদের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত প্রত্যাশিত দামকে বহু পেছনে ফেলে ১৭.৯ মিলিয়ন ডলারে ছবিটি কিনে নেন ভারতের প্রখ্যাত শিল্পপতি ও ভ্যাকসিন টাইকুন সাইরাস পুনাওয়ালা।
১৮৯০-এর দশকে যখন রাজা রবি বর্মা তার ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন, তখন এই অসাধারণ চিত্রকর্মটি ফুটিয়ে তোলেন। ছবিতে হিন্দু পুরাণের একটি চিরচেনা ও আবেগঘন মুহূর্ত ফুটে উঠেছে— যেখানে শিশু কৃষ্ণ মা যশোদার আঁচল ধরে তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, আর মা ব্যস্ত গৃহকর্মে। রবি বর্মার নিজস্ব ঘরানা অর্থাৎ ইউরোপীয় বাস্তবতা (European Realism) এবং ভারতীয় পৌরাণিক থিমের অনন্য সংমিশ্রণ এই ছবিকে একটি বিশ্বমানের মাস্টারপিসে পরিণত করেছে।
চিত্রকর্মটি কেনার পর সাইরাস পুনাওয়ালা এক প্রতিক্রিয়ায় বলেন, “এই সম্পদটি কেবল ব্যক্তিগত সংগ্রহে রাখা উচিত নয়; বরং জনসাধারণের দেখার জন্য পর্যায়ক্রমে প্রদর্শনের ব্যবস্থা করা উচিত।”
তিনি অচিরেই এই চিত্রকর্মটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উদ্যোগ নেবেন বলেও জানান।
এর আগে ভারতীয় শিল্পকলার ইতিহাসে সবচেয়ে দামি ছবির রেকর্ডটি ছিল এম এফ হুসেনের (মকবুল ফিদা হুসেন) দখলে। ২০২৫ সালে তার ‘আনটাইটেলড (গ্রাম যাত্রা)’ চিত্রকর্মটি ১১৮ কোটি রুপিতে বিক্রি হয়েছিল। রবি বর্মার এই সাম্প্রতিক নিলাম কেবল এম এফ হুসেনকেই নয়, বরং অমৃতা শের-গিল, এস এইচ রাজা এবং ভি এস গাইতোন্ডের মতো বিশ্বখ্যাত শিল্পীদের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এই রেকর্ড ব্রেকিং নিলাম বিশ্ববাজারে ভারতীয় শিল্পের ক্রমবর্ধমান কদর ও শক্তিরই প্রমাণ। সাফরনআর্টের মতে, রবি বর্মার এই কাজ ভারতীয় সংস্কৃতির চিরস্থায়ী আবেদনকে আবারও বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরেছে।
উল্লেখ্য, ১৮৪৮ সালে কেরালার এক রাজপরিবারে জন্ম নেওয়া রাজা রবি বর্মা ভারতীয় চিত্রকলাকে আমূল বদলে দিয়েছিলেন। ১৯০৬ সালে মৃত্যুর আগে তিনি এমন এক শিল্পধারা রেখে গেছেন, যা আজও অমলিন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও গালফ নিউজ।

















