রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অভিনয়ে মুগ্ধ আনুশকা-বিরাট

দীর্ঘ বিরতি ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে নিজের কোনো কাজ নয়, বরং পরিচালক আদিত্য ধরের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। সিনেমার প্রশংসা করতে গিয়ে আনুশকা শুধু নির্মাতা নয়, বরং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তার একসময়ের সহ-অভিনেতা রণবীর সিংকেও প্রশংসায় ভাসিয়েছেন।
সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশকার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলিও।
ইনস্টাগ্রাম স্টোরিতে আনুশকা লিখেছেন, ৪ ঘণ্টার দীর্ঘ একটি সিনেমা তৈরির জন্য যে অসামান্য দৃঢ় প্রত্যয় প্রয়োজন, তা আদিত্য ধর দেখিয়েছেন।
তাঁর ভাষায়, “কী চমৎকার একটি সিনেমা বানিয়েছেন আদিত্য ধর! এটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের আটকে রাখার মতো নির্মাণশৈলী ও গল্পে ঠাসা। আপনি সত্যিই একজন আত্মবিশ্বাসী নির্মাতা।”
‘ব্যান্ড বাজা বারাত’ ও ‘দিল ধড়কনে দো’-খ্যাত সহ-অভিনেতা রণবীর সিংয়ের পারফরম্যান্সকে ‘নিখুঁত ও অনবদ্য’ হিসেবে অভিহিত করেছেন আনুশকা। তার মতে, রণবীর এই সিনেমায় এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যা একজন অভিনেতার জীবনে একবারই আসে। এছাড়া তিনি আর. মাধবন, অর্জুন রামপাল এবং রাকেশ বেদীর অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন।
সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ছবিটি। মাত্র ১৮ দিনে ১ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ করে ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
দীর্ঘদিন পর বড় পর্দায় এমন মহাকাব্যিক সাফল্যের হাত ধরে বলিউডে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন রণবীর সিং ও পরিচালক আদিত্য ধর।

















