যুদ্ধবিরতিতে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র-ড্রোন মজুত করছে আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির সময়ে দ্রুত নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। বর্তমানে মজুত করার গতি যুদ্ধপূর্ব সময়কেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি।
সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদের রক্ষণাবেক্ষণ এবং পুনর্গঠনের ভিডিও ফুটেজসহ এক বার্তায় তিনি এমন তথ্য দেন। জেনারেল মুসাভি বলেন, ‘যুদ্ধবিরতির এই সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা হালনাগাদ এবং পুনরায় পূর্ণ করার গতি আগের চেয়ে অনেক বেশি। আমাদের কাছে তথ্য আছে, শত্রুপক্ষ নিজেদের জন্য এমন অনুকূল পরিস্থিতি তৈরি করতে অক্ষম এবং তারা বিশ্বের অন্য প্রান্ত থেকে ধাপে ধাপে গোলাবারুদ আনতে বাধ্য হচ্ছে।’
ইরানের বিরুদ্ধে চালানো যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে দাবি করে তিনি বলেন, ‘তারা যুদ্ধের এই পর্যায়েও হেরেছে! তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ হারিয়েছে, একই সঙ্গে লেবানন ও এই অঞ্চলেও তাদের পরাজয় হয়েছে।’
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বর্তমান যুদ্ধবিরতির সময়টা আইআরজিসি তাদের সামরিক সক্ষমতা ও আভিযানিক প্রস্তুতি বৃদ্ধির কাজে পূর্ণমাত্রায় ব্যবহার করছে।

















