মহাষ্টমীর পুণ্যস্নান করতে গিয়ে নদীতে শিশু নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে মহাষ্টমীর পুণ্যস্নান করতে গিয়ে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পৌর এলাকার গোকর্ণঘাটে তিতাস নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ অপর্ণা শহরের কলেজ পাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে। সে স্থানীয় খ্রিস্টিয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, মহাষ্টমীর পুণ্যস্নান উপলক্ষে পরিবারের সদস্যদের সাথে শহরতলীর গোকর্ণঘাটে তিতাস নদীতে স্নানে যায় অপর্ণা। নদীতে নেমে স্নান করার সময় মুহূর্তের মধ্যেই তীব্র স্রোতে তলিয়ে যায় সে। এ সময় তার মা নমিতা সূত্রধর আপ্রাণ চেষ্টা করেও মেয়েকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও ভৈরব থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও নিখোঁজ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম ও ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। নদীর তীব্র স্রোতের কারণে তল্লাশি ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত শিশুটির সন্ধান না পাওয়ায় উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।”

















